শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২০৬৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন।
সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা মো. সেলিম মিয়া, মো. শাকির আহমেদ, মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তাঁরা বলেন, দলের দুঃসময়ে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে থেকেছেন, তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া জরুরি।
আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।




















