সারাদেশ
ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ২০৫৩ বার পড়া হয়েছে
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের পৃথক দুটি বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম (২৭) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে ফরিদপুরের সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ ফয়সাল হোসেন বাকা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় মাদক নির্মূল, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের এমন তৎপরতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















