ইউএনও কার্যালয়ের দরজায় ব্যতিক্রমী সাইনবোর্ড, ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন
- আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ব্যতিক্রমী একটি সাইনবোর্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’।
শুক্রবার (৩০ অক্টোবর) ইউএনও কার্যালয়ের দরজায় লাগানো এই সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে অনেকের।
উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীদের সহজে কর্মকর্তার কাছে পৌঁছানোর সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে অনেক সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কেউ কেউ দালালের দ্বারস্থ হতেও বাধ্য হন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে।
আরেক স্থানীয় বাসিন্দা শওকত আলী উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সরকারি অফিসকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাপ্রত্যাশীরা যেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে নিজেদের কার্যালয় মনে করেন, সেটিই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। তাই সাধারণ মানুষ যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাঁদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই এ বার্তা দেওয়া হয়েছে। তাঁর কক্ষে প্রবেশের জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই, এমনকি জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন, এটাই তাঁর উদ্যোগের মূল উদ্দেশ্য।




















