নেত্রকোণায় বিজিবির টানা অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেল আটক
- আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২১৬৫ বার পড়া হয়েছে
নেত্রকোণা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল আটক করেছে। গত দুই দিনে, জেলার দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব মদ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবির দুটি পৃথক প্রেস রিলিজ থেকে জানা গেছে, ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে, বিজয়পুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৩০০ গজ ভেতরে, দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে তারা মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইস ভদকা ২০ বোতল, ম্যাক ডোয়েলস ১২ বোতল, অফিসার্স চয়েজ ১ বোতল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।
এর পরের দিন, ৩০ আগস্ট সকাল ৮টার দিকে, কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় লেংগুড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় রয়েল স্ট্যাগ ২৪ বোতল, ম্যাক ডোয়েলস ২২ বোতল এবং অফিসার্স চয়েজ ৩১ বোতলসহ মোট ৭৭ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মদ ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
৩১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে। দেশের অভ্যন্তরে মাদক প্রবেশ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















