বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান
- আপডেট সময় : ০১:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২১২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক আকস্মিক ও নিবিড় পরিদর্শনের মাধ্যমে চিকিৎসা সেবার গুণগত মান যাচাই করেছেন। চিকিৎসা ক্ষেত্রে যেকোনো প্রকার শিথিলতা,অনিয়ম এবং দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে তিনি কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২ সেপ্টেম্বর (বুধবার) তারিখে পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের সামগ্রিক পরিবেশ ও চিকিৎসা সেবার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন। রোগীদের শয্যাপাশে গিয়ে তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এবং সরকারি ওষুধের যথাযথ বণ্টন নিশ্চিত করার নির্দেশ দেন।
কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়ানুবর্তিতা এবং রোগীদের প্রতি সংবেদনশীল আচরণ বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে কোনো প্রকার ঔদাসীন্য বা শৈথিল্য প্রদর্শন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা সেবাকে গতিশীল ও জনবান্ধব করতে হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা ও চিকিৎসা সরঞ্জামাদির সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।























