জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন
নেত্রকোনায় কন্যাশিশুর সমঅধিকার ও নিরাপত্তায় গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ২১৫৫ বার পড়া হয়েছে
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রৌফ সরকার, এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী।
বক্তারা বলেন, কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ গঠনে সমান অংশীদার। তাই তাদের সার্বিক বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে অনুষ্ঠানে উপস্থিত কন্যাশিশুরা মুক্ত আলোচনায় অংশ নেয় এবং নিজেদের নানা সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরে। বক্তারা এসব সমস্যার সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও তাদের সক্ষমতা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যও উপস্থাপন করা হয়।






















