১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, নভেম্বরের মাঝামাঝি প্রত্যাবর্তনের সম্ভাবনা
- আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ২১৫৪ বার পড়া হয়েছে
১৭ বছরের দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র ও কূটনৈতিক মহলের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তারেক রহমান লন্ডন ছাড়বেন, এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে ওমরা পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
বিদেশ থেকে প্রস্তুতি
বর্তমানে তারেক রহমান যুক্তরাজ্যে “ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR)” স্ট্যাটাসে বসবাস করছেন। এই স্ট্যাটাসে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং পড়াশোনার সুযোগ পাচ্ছেন, এমনকি ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করারও সুযোগ রয়েছে।
বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। দলীয় সূত্র বলছে, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন।
গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি দেশে ফেরার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বিএনপির অবস্থান
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি গণমাধ্যমে বলেন, “তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তবে এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি।”
একজন ঘনিষ্ঠ উপদেষ্টা জানান, “অনেক যদি-কিন্তুর পর এখন পরিষ্কার, আমাদের নেতা দেশে ফিরতে প্রস্তুত। নভেম্বরের মাঝামাঝি সময়ে তিনি ফিরবেন বলে ধরে নেওয়া যাচ্ছে।”
নিরাপত্তা ব্যবস্থা
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ SUV গাড়ির অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “তারেক রহমান দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বিএনপির সব যৌক্তিক অনুরোধ বিবেচনায় নেওয়া হবে।”
বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন,
“২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর দেশের গণতন্ত্রের যাত্রায় নতুন বাধা আসতে পারে। এই যাত্রায় তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন। তাই তার নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রেক্ষাপট ও তাৎপর্য
২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ও উত্তাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক কৌশল ও মাঠের নেতৃত্বে তার প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে


























