সারাদেশ
সাভারে বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ২১৮৪ বার পড়া হয়েছে
সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দিবাগত (২০ অক্টোবর) রাত দেড়টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এর আগে মামলার অপর অভিযুক্ত মিঠু বিশ্বাসকে (৪৪) রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। গত ১৬ অক্টোবর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর–১৯) দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার পথে প্রধান আসামি সোহেল রোজারিও ও তার দুই সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও ওই তরুণীকে অনুসরণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং সহযোগীদের সহায়তায় তরুণীকে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, “ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। জেলা পুলিশের নির্দেশনায় ডিবি ও সাভার থানা পুলিশের যৌথ অভিযানে প্রধান আসামি সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ থেকে এবং মিঠু বিশ্বাসকে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তার সোহেল রোজারিওকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।






















