নাসিরনগরে প্রতিবন্ধী শিশু শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২১০৭ বার পড়া হয়েছে
নাসিরনগরে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তকরণে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উপ-পরিচালক (সমাজসেবা) আব্দুল কাইয়ুম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পালের সঞ্চালনায় সেমিনারে বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব, সুযোগ-সুবিধা এবং এর মাধ্যমে সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর আব্দুল্লাহ আল মামুন, নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া, শ্রীঘর এসইএসডিপি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিশুদের অভিভাবক কবির মিয়া, মো. ইব্রাহিম, ইয়াছিন খান, মোমেনা বেগম, রাধা মোহন সরকারসহ উপবৃত্তি প্রাপ্ত শিশুদের অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এই উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং তাদেরকে সমাজের কার্যকর নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






















