বাংলাদেশ
বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
- আপডেট সময় : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২৫৬৯ বার পড়া হয়েছে
রাজধানী গুলশান শুটিং ক্লাবে বাংলাদেশের আউটডোর বিজ্ঞাপন খাতের উদ্যোক্তা, গ্রাহক এবং সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫–২৭ মেয়াদে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী ইকবাল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আউটডোর বিজ্ঞাপন শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্র্যান্ড কমিউনিকেশন ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক অবদান রেখে চলেছে। তবে খাতটি দীর্ঘদিন ধরে নানা কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন নেতৃত্বকে এসব সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান প্রণয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মত দেন তারা।
নতুন সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আউটডোর বিজ্ঞাপন খাতে বহুমাত্রিক অনুমোদন প্রক্রিয়া উদ্যোক্তাদের জন্য বড় প্রতিবন্ধকতা। একই স্থানে বিজ্ঞাপন স্থাপনে বিভিন্ন সংস্থার অনুমোদন নেওয়ার জটিলতা দূর করতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একক অনুমোদন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “বিলবোর্ড শিল্পকে সুশৃঙ্খল, বৈধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা কাঠামোগত সংস্কার এবং নীতিমালার আপডেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী বলেন, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সুষ্ঠু ব্যবসায়িক আচরণের মানদণ্ড স্থাপন করা হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য। এ জন্য সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, নীতিনির্ধারণী দিকনির্দেশনা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “আউটডোর বিজ্ঞাপন শিল্প শুধু ব্যবসা নয়; এটি একটি নগর ব্যবস্থাপনার অংশ। তাই পরিবেশবান্ধব বিলবোর্ড, প্রযুক্তিনির্ভর তথ্যসংগ্রহ এবং বৈধ কাঠামোর আওতায় ব্যবসার সম্প্রসারণকে আমরা গুরুত্ব দিচ্ছি।”
অনুষ্ঠানে বক্তারা বিলবোর্ড খাতের আধুনিকীকরণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ডিজিটাল আউটডোর ডিসপ্লে, তথ্য বিশ্লেষণভিত্তিক বিজ্ঞাপন পরিকল্পনা এবং স্মার্ট সিটি উদ্যোগের সঙ্গে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
তারা বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বিলবোর্ড স্থাপন এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো গেলে বাংলাদেশের আউটডোর বিজ্ঞাপন শিল্প একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
অনুষ্ঠানে উপস্থিত আউটডোর মিডিয়া মালিক, শীর্ষ গ্রাহক এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা নতুন কমিটির প্রতি আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব আউটডোর বিজ্ঞাপন খাতের সংস্কার, স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে।























