ধানমন্ডি-৩২ এলাকায় পুলিশ–ছাত্র উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি উত্তপ্ত
- আপডেট সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২১১৩ বার পড়া হয়েছে
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, পুলিশ অযথা লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়েছে। অন্যদিকে পুলিশ জানায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপের কারণেই তারা বাধ্য হয়ে ব্যবস্থা নেয়। পুলিশ বলছে, ৩২ নম্বরের স্থাপনা ভাঙার অনুমতি দেওয়া হবে না।
দুপুরের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরের অবশিষ্ট অংশ অপসারণের দাবিতে বুলডোজার নিয়ে সেখানে আসেন। তবে শুরুতেই পুলিশের বাধার মুখে তাদের অগ্রযাত্রা থেমে যায়। বুলডোজার দুটি রাস্তার পাশে রেখে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। পরে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কয়েকজন ভেতরে প্রবেশ করতে সক্ষম হলেও অধিকাংশ বাইরে থেকে যায়।
পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নেয়। সেনাবাহিনীর উপস্থিতি উপেক্ষা করে বুলডোজার এগিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। টিয়ারশেল ও লাঠিচার্জে পুরো এলাকা একসময় রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।






















