১৫৭৯ কোটি টাকায় ২ লাখ ২০ হাজার টন সার ক্রয়ের সিদ্ধান্ত সরকারের
- আপডেট সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
চীন, সৌদি আরব, মরক্কো ও কাফকো থেকে মোট দুই লাখ ২০ হাজার মেট্রিক টন সার কিনতে যাচ্ছে সরকার। এই ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭৯ কোটি টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভায় বিভিন্ন লটের সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্র জানায়, ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএসপি সার কেনার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ১ হাজার ৫৭৯ কোটি ৫২ লাখ টাকা।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৯ম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১৯৪ কোটি ৫৫ লাখ টাকা। প্রতি টনের দাম ৩৯৬.৪১ মার্কিন ডলার।
একই অর্থবছরে কাফকো, বাংলাদেশ থেকে ৯ম লটে ৩০ হাজার টন ব্যাগড ইউরিয়া আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি ৩০ লাখ টাকা। প্রতি টনের দাম ৩৮৯ ডলার।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় ৭ম লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় হবে ৩৫০ কোটি ৫৯ লাখ টাকা; প্রতি টন ৭১৩.৭৫ ডলার।
এ ছাড়া সৌদি আরবের মা’আদেনের সঙ্গে চুক্তি অনুযায়ী ১১তম ও ১২তম লটের (ঐচ্ছিক-১ম) প্রত্যেকটিতে ৪০ হাজার টন করে ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লটের ব্যয় ৩৫০ কোটি ২২ লাখ টাকা; প্রতি টনের দাম ৭১৩ ডলার।
মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে চুক্তির আওতায় ১৩তম লটের ৩০ হাজার টন টিএসপি সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ১৯০ কোটি ৯ লাখ টাকা; প্রতি টনের দাম ৫১৬ ডলার।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরায় ১০ হাজার টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণে ৫৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি করবে মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।


























