তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১২:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১১৩ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা জানান, দুই দেশের বার্তা সংস্থার মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গণমাধ্যমের উন্নয়ন ও সহযোগিতা জোরদারে বাংলাদেশ কাজ করে যেতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। পাকিস্তানের হাইকমিশনারও এ বিষয়ে সমর্থন ব্যক্ত করেন। উপদেষ্টা আরও বলেন, দেশে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থার ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলমান।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে, পাকিস্তান সরকার সেই রায়কে সম্মান জানাবে।
এ ছাড়া ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক বিষয় নিয়ে গবেষণার স্বার্থে পাকিস্তানের আর্কাইভ থেকে সংশ্লিষ্ট নথি সংগ্রহে সহযোগিতা চেয়ে অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
বৈঠকে দুই দেশের আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ উপস্থিত ছিলেন।



























