কলকাতার প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় তানজিন তিশা
- আপডেট সময় : ০৩:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১০৮ বার পড়া হয়েছে
অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরও চলচ্চিত্রে কাজ না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন কলকাতার প্রযোজক হিসেবে পরিচয় দেওয়া শরীফ খান। এম.এন. রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত।
শরীফ খানের দাবি, তিশা চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত সিনেমায় কাজ করেননি এবং নেওয়া অগ্রিম অর্থও ফেরত দেননি। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার ভাষায়, তিশার অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়, আর বাদ পড়ার পরে এখন তিনি টাকা ফেরত দিতে টালবাহানা করছেন।
অভিযোগকে ‘ফালতু’ বলে প্রত্যাখ্যান করেছেন তানজিন তিশা। তিনি জানান, চুক্তির সময় তিনি এক-তৃতীয়াংশ পারিশ্রমিক পেয়েছিলেন এবং ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস শুটিং শিডিউল ধরে রেখেছিলেন। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল—শুটিং বাতিল হলে অগ্রিম অর্থ ফেরতযোগ্য নয়।
তিশার আরও অভিযোগ, ‘শরীফ’ নামের এক ব্যক্তি গভীর রাতে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, যা তার মতে পেশাদার আচরণ নয়। তিনি বলেন, “উনি তো সিনেমার প্রকৃত প্রযোজকই নন। প্রয়োজন হলে আমার আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করবেন।”
অভিনেত্রীর আইনজীবী জসিম উদ্দিন বলেন, তানজিন তিশা চুক্তি অনুযায়ী সব দায়িত্ব পালন করেছেন এবং শিডিউলও দিয়েছেন। কিন্তু পরিচালক ভিসা এবং শুটিং প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হন। ফলে চুক্তির শর্ত অনুযায়ী তিশার পক্ষ থেকে কোনো ডিফল্ট হয়নি; বরং শুটিং বিলম্বের কারণে তিনিই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উল্লেখ্য, বলিউড অভিনেতা শারমান জোশির সঙ্গে ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয় করার কথা ছিল তিশার। তবে ভিসাজনিত জটিলতায় তিনি শুটিংয়ে অংশ নিতে না পারায় পরে ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। বর্তমানে ‘সোলজার’-এর শুটিং চলছে পুরোদমে।




























