নির্বাচন পর্যন্ত স্থগিত থাকছে এনআইডি সংশোধনের সব কার্যক্রম
- আপডেট সময় : ০৩:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১৪৫ বার পড়া হয়েছে
ভোটার তালিকা প্রস্তুত ও মুদ্রণের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত—অথবা নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত—এনআইডির ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের তথ্য সংশোধন সেবা বন্ধ থাকবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছে সরকার। এসব কার্যক্রম সামনে রেখে কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩৪ জন।



























