শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপকে ঘিরে আলোচিত দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর
- আপডেট সময় : ০২:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা জমি বরাদ্দ দেওয়ার অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক গ্রহণের পর রায়ের এই তারিখ নির্ধারণ করেন।
মামলার কয়েকজন সাক্ষী আদালতে জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দে ভূমিকা রেখেছেন। দুদকের আইনজীবীদের দাবি, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী মূল আসামিদের বিরুদ্ধে কঠোর সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযোগে বলা হয়, পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের প্লট নেওয়ার সময় শেখ রেহানা তার নিজস্ব ব্যবহারের জন্যও একটি প্লটের আবেদন করেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রাজউককে প্লট বরাদ্দে নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, মিথ্যা হলফনামার ভিত্তিতে রেহানা ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেন। এসব অভিযোগের ভিত্তিতে দুদক ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
৩২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পাশাপাশি অবৈধ নির্দেশনা, ভুয়া হলফনামা ও অন্যান্য নথিসহ সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে দুদক। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আগামী ১ ডিসেম্বর।
সাক্ষ্যগ্রহণের সময় উঠে আসে, মায়ের নামে প্লট বরাদ্দের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ। যদিও তিনি নিজে প্লট নেননি, তবু মামলায় অন্যতম আসামি হিসেবে নাম রয়েছে তার।
একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতেই বাধ্য ছিলেন।

























