১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- আপডেট সময় : ০৮:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২১৫৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও রদবদল করেছে অন্তর্বর্তী সরকার।
প্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬টি উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। মোট আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত কর্মকর্তারা নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-১৪৪ অনুযায়ী ক্ষমতা প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তবে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে।
যেসব কর্মকর্তার বদলি ইতিমধ্যে কার্যকর হয়েছে, তারা তাদের যোগদানপত্রে সংশ্লিষ্ট দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করবেন।


























