তারকারা হঠাৎ হাতে-গালে ‘সংখ্যা’ লিখে ছবি দিচ্ছেন কেন?
- আপডেট সময় : ০৩:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২১৫২ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি দেশের বহু তারকাকে হাতে বা গালে ভিন্ন ভিন্ন সংখ্যা লিখে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। বিশেষ করে নারী তারকাদের অংশগ্রহণই বেশি। এতে অনেকের মনে প্রশ্ন উঠেছে—এই সংখ্যার অর্থ কী?
জানা গেছে, এটি ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্যোগ। ‘মাই নাম্বার, মাই রুলস’ নামের এ আন্দোলনে অংশ নিয়ে তারকারা প্রতিদিন সামাজিকমাধ্যমে তারা কতবার অনলাইন হয়রানির মুখে পড়েন, সেই সংখ্যা তুলে ধরছেন নিজের ছবিতে।
২৫ নভেম্বর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথম এ আন্দোলনের সূচনা করেন। নিজের গালে ‘৯’ লিখে তিনি জানান, প্রতিদিন অন্তত ৯ বার সাইবার বুলিংয়ের শিকার হন। পোস্টে তিনি সবাইকে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে আরও জোরালোভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
এরপর একে একে যুক্ত হন আরও অনেক তারকা। অভিনেত্রী রুনা খান জানিয়েছেন তার সংখ্যা ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুলের ‘৯’ এবং আশনা হাবিব ভাবনার ‘৯৯ প্লাস’।
রুনা খান বলেন, শুধু তারকাই নন, সাধারণ নারীরাও প্রতিদিন সামাজিকমাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। গত এক দশকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার দ্রুত বেড়েছে, কিন্তু এর সঠিক আচরণবিধি শিখে ওঠেননি অনেকেই।
‘মাই নাম্বার, মাই রুলস’ উদ্যোগটি টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে বলে জানা গেছে।




























