আফগানিস্তানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২১৫০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর গুলি চালানোর অভিযোগে সন্দেহভাজন একজন ব্যক্তি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এই ঘটনার পর মার্কিন অভিবাসন সংক্রান্ত সব আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউস থেকে এক ব্লক দূরে হামলার ঘটনা ঘটে। মেয়র মুরিয়েল বাউসার এটিকে ‘পরিকল্পিত গুলিবর্ষণ’ হিসেবে বর্ণনা করেছেন। হামলাকারীকে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ করা হয় এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী আফগান নাগরিক, যিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত সকল আফগান নাগরিকের অভিবাসন আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, অভিযুক্তকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিবৃতিতে হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকামাল উল্লেখ করা হয়েছে এবং তাকে ‘আফগানিস্তান থেকে আসা এক ক্রিমিনাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তার বৈধতা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়নি।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এ ঘটনায় একাধিক সংস্থা তদন্তে অংশ নিচ্ছে এবং গুলির ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর বিশেষ অভিবাসন সুরক্ষার আওতায় কয়েক হাজার আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ট্রাম্প এ সংক্রান্ত নতুন তদন্তের নির্দেশ দিয়েছেন।



























