আদালতে হাসিনার পক্ষে লড়তে নারাজ জেড আই খান পান্না, তার কারণ কী?
- আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২১৪৯ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষণা করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি তার পক্ষে আদালতে লড়বেন না। তিনি এই সিদ্ধান্তের কথা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানান।
পান্না বলেন, “যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানাচ্ছি।” তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনো তিনি সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি হাতে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন।
যদিও শেখ হাসিনার পক্ষে তিনি আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেন, জেড আই খান পান্না জানিয়েছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় তিনি তার আইনি সহায়তা অব্যাহত রাখবেন। তিনি জানান, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলায় তিনি তার পক্ষে লড়বেন।
এছাড়া, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার বিষয়েও তিনি ভিডিও বার্তায় ঘোষণা দেন।






















