ইসলামপুরে বিএনপিতে যুক্ত হলেন জামায়াতের একাধিক নেতাকর্মী
- আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দি খানবাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করা হয়। যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।
যোগদানকারীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকার এবং তাদের সমর্থকরা।
অনুষ্ঠানে জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ তাদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান ফিরুজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ।
শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “বিএনপির কার্যক্রম এবং গণতন্ত্রের পক্ষে আস্থা রেখে তারা আমাদের দলে যোগ দিয়েছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”
যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, “দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বিএনপির রাজনীতি করতে চাই।”
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া আয়োজন করা হয়।




























