খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিদেশ ভ্রমণের উপযোগী নয়: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন, “বর্তমানে তিনি এমন শারীরিক অবস্থায় নেই যা বিদেশে নেওয়ার ধকল সামলাতে পারে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তারপর বিদেশে নেওয়া সম্ভব হবে।”
তিনি জানান, দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিনস হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড গতকাল রাতে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করে পরামর্শ দিয়েছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। প্রস্তুতি হিসেবে ভিসা, সম্ভাব্য গন্তব্য দেশ ও এয়ার অ্যাম্বুল্যান্স সংক্রান্ত আলোচনা ইতোমধ্যেই করা হয়েছে।
মির্জা ফখরুল এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধও জানান।
এদিকে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, “উনি নিজেই একটি পোস্ট দিয়েছেন। সেটিকে তাঁর ভাষ্য ধরে নিন, আর ব্যাখ্যা প্রয়োজন নেই।” তারেক পোস্টে উল্লেখ করেছেন, দেশে ফেরার বিষয়টি তাঁর একার নিয়ন্ত্রণে নেই।




























