খালেদা জিয়া কথা বলেছেন, তবে সংকট এখনো কাটেনি ডায়ালাইসিস চলছে চার দিন ধরে, হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ
- আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ২১৫৮ বার পড়া হয়েছে
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন সাড়াহীন থাকার পর গতকাল শনিবার সামান্য কথা বলেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও তাঁর পরিবার–ঘনিষ্ঠ সূত্র জানায়, সকালে সিসিইউতে শয্যার পাশে থাকা পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে তিনি কয়েকটি কথা বলেন।
সূত্রগুলো বলছে, গত তিন দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস দিতে হচ্ছে। চিকিৎসকেরা পরিস্থিতিকে ‘গুরুতর’ বলেই বিবেচনা করছেন এবং আগামী কয়েক দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নীতিগতভাবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে। তবে বিমানযাত্রার ধকল তাঁর জন্য সহনীয় কি না, সে বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভব হলে লন্ডন ক্লিনিকে নেওয়ার কথা ভাবা হচ্ছে; তা সম্ভব না হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বিবেচনায় রয়েছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা বিদেশযাত্রার অনুকূল নয়।
খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলে শরীর, বিশেষ করে ফুসফুসে পানি জমে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। গত বুধবার থেকে ডায়ালাইসিস চললেও শরীরের পানি কমানো কঠিন হয়ে পড়েছিল। এতে তাঁর অবস্থা অবনতি হয় এবং তিনি সচেতন থাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না।
শুক্রবার রাতে কিছুটা অগ্রগতি দেখা দিলে শনিবার সকালে তিনি অল্প কথাও বলেন। মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসা কৌশল নির্ধারণের আগে কয়েক দিনের ডায়ালাইসিস পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করবে।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি সিসিইউতে আছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
এদিকে গতকাল বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন। হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ
খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতা–কর্মীদের ভিড় বাড়ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা বিব্রত হচ্ছেন এবং অন্যান্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটছে।
মির্জা ফখরুল সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ‘দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। নেত্রীকে নিয়ে দেশের মানুষের উদ্বেগ আমরা বুঝি, কিন্তু এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রত্যেককে অনুরোধ করছি—হাসপাতাল এলাকায় জট তৈরি করবেন না।’

























