মেসেঞ্জারে বাক্যবিতণ্ডা: পঞ্চগড়ে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ১২ কিশোর আটক
- আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২১১১ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদর উপজেলায় মেসেঞ্জার গ্রুপে কথা-কাটাকাটির জেরে সোহান আলী (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর আহত সোহান বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা ঘটে সোমবার দুপুরে অমরখানা ইউনিয়নের অমরখানা উচ্চবিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে। হামলার পর স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে ১২ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।
আহত সোহান অমরখানা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০-১২ দিন আগে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তার সঙ্গে অভিযুক্তদের মধ্যে বাক্যালাপ ও গালিগালাজ হয়েছিল। সোমবার বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা সোহানকে ঘিরে ধরে লোহার রড ও সাইকেলের ফ্রিহুইল দিয়ে তৈরি বস্তু দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো ছুরিতে বুকে আঘাত করলে বাঁ হাতের কবজির রগ কেটে যায়।
স্থানীয়রা সোহানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় কিছু কিশোরকে স্থানীয়রা ধরে মারধর করেন। পরে শিক্ষকরা তাদের উদ্ধার করে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটক রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেন।
মামলার বাদী রশিদুল ইসলাম বলেন, “ফেসবুকের কথার জেরে ওরা আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) অশীষ কুমার শীল জানান, “রাতেই মামলা হয়েছে। হেফাজতে থাকা ১২ কিশোরকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”






















