জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিতের জন্য রিট
- আপডেট সময় : ০২:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৯ বার পড়া হয়েছে
নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নির্বাচন কমিশন (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটে ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে এসব পদে নিয়োগের নির্দেশনারও আবেদন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি।
রিটকারীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাহী বিভাগ শুধুমাত্র সহযোগিতা করবে। কিন্তু জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া সংবিধানের পরিপন্থী।
রিটে নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার ও ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠন এবং জাতীয় নির্বাচনে শুধুমাত্র কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশন, সচিব, জনপ্রশাসন ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী জানান, আগামী সপ্তাহে রিটটি হাইকোর্টের কোনো বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।


























