রুমিন ফারহানা বললেন, “প্রশাসনের বড় অংশ জামায়াতের হাতে”
- আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, প্রশাসন, পুলিশসহ বিশ্ববিদ্যালয়, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে জামায়াতের প্রভাব রয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “আজকাল অনলাইন-অফলাইন সব জায়গায় যে আচরণগুলো লক্ষ্য করা যায়, তা গত ১৫ বছরের তুলনায় নির্বাচনের আগেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং প্রশাসনের ওপর প্রভাব চালানোর চেষ্টা করছেন।”
তিনি বলেন, “প্রশাসনের বড় অংশ জামায়াতের নিয়ন্ত্রণে। শুধুমাত্র প্রশাসন-পুলিশ নয়, বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানে তাদের আধিপত্য লক্ষ্য করা যায়। যদি কেউ তার দলকে বোঝাতে চান, সেটা তিনি বলতে পারেন।”
নির্বাচনের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, “নির্বাচন শুধু পুলিশ ও প্রশাসনের মাধ্যমে হবে না। সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও কর্মীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। কমিশনকে নিশ্চিত করতে হবে পুলিশ-প্রশাসন পেশাদারভাবে কাজ করছে এবং তারা নিরপেক্ষ রয়েছে।”
তিনি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর কড়া সমালোচনা করে বলেন, “শাহজাহান চৌধুরী সম্প্রতি চ্যালেঞ্জ দিয়েছেন, তার কথায় যেন সবকিছু থেমে যায়। তিনি দাবি করেছেন, আমাদের কথায় পুলিশ উঠবে-বসবে, মামলা হবে বা হবে না—সবই তাদের নিয়ন্ত্রণে। এ থেকে বোঝা যায়, তারা প্রশাসন ও ন্যায়বিচারের ওপর কতটুকু প্রভাব বিস্তার করতে চাচ্ছে।”




























