যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এভারকেয়ারে চিকিৎসা শুরু করেছে
- আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আগত চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা কার্যক্রমে অংশ নেন এই বিশেষজ্ঞরা। দলের নেতৃত্ব দেন ড. রিচার্ড বিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা প্রথমেই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তারা স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে বসে বিস্তারিত চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন।
সূত্রের তথ্য অনুযায়ী, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছিল এবং তার অবস্থা এখনও সংকটজনক। তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।
বিদেশি বিশেষজ্ঞ দল দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির মাত্রা নির্ধারণ, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন। তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবেন।
প্রথম দিনেই বিশেষজ্ঞরা খালেদা জিয়ার জটিলতার ক্লিনিক্যাল নোট, সর্বশেষ টেস্ট রিপোর্ট এবং ব্যবহৃত সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছেন। এরপর স্থানীয় চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


























