ডেমরায় পরকীয়ার সন্দেহে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগে স্বামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরা বামৈল এলাকায় পরকীয়ার সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বামৈল মাতব্বর গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগমকে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় অভিযুক্ত সোহাগ মিয়াকে (২৮) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালে মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, বামৈলে ভাড়া বাসায় একসঙ্গেই থাকতেন সোহাগ, স্ত্রী মোরশেদা ও শাশুড়ি সাহিদা। সোহাগ ও মোরশেদা দু’জনেই একটি পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মোরশেদার পরকীয়ার সন্দেহ থেকেই বিরোধ আরও তীব্র হয়। বুধবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগ স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে শাশুড়িকেও আঘাত করা হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চলছে।






















