চাটমোহরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর অবশেষে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিক মন্ডলকে গ্রেপ্তার করেছে পাবনার চাটমোহর থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতের দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, ২০১৪ সালে মানিক মন্ডল তার এলাকার এক নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। ভুক্তভোগী নারী পরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মানিক গাজীপুরের জয়দেবপুরে পরিচয় গোপন করে একটি গার্মেন্টসে চাকরি করছিলেন। চাটমোহর থানার এসআই আওলাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে বুধবার রাতে আটক করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন, “ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যান। দীর্ঘদিন পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন। অবশেষে তাকে আটক করা হয়েছে।”






















