১৫ বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হলেও সেই পথে এখনও নানা বাধা রয়ে গেছে।
রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে এবং সাইবার আক্রমণ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তার মতে, দেশকে এগিয়ে নিতে সক্ষম একমাত্র রাজনৈতিক শক্তি বিএনপি।
ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্মকে রাজনৈতিক বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহারের পক্ষে নই।”
তরুণ সমাজের ভাবনায় বড় পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এখন সবার মধ্যেই রয়েছে। পুরোনো রাষ্ট্রকাঠামো আর সময়োপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি। দলের কাঠামোকে নতুন চিন্তার আলোকে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেগুলো নতুন করে আলোকিত করার প্রচেষ্টা চালাচ্ছেন। জনগণের কাছে নতুন ধারণা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রথমে ছাত্রদলকে দেওয়া হয়েছে।”
তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে তিনি জানান, নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি আধুনিক ও অগ্রসর রাজনৈতিক দল, যা নেতিবাচক প্রচারণা ভেঙে সামনে এগোতে চায়।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুর্বল অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম কম থাকায় তারা নির্বাচনে ভালো করতে পারেনি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের পদচারণা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে সংগঠিত করার মাধ্যমে দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যেতে হবে বলেও তিনি মন্তব্য করেন।


























