মালয়েশিয়ার মেগা অভিযানে বাংলাদেশিসহ ৮৪৩ জন আটক
- আপডেট সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলায়াং বাজার ও সেলায়াং তানি মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি কর্তৃপক্ষ।
সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের ৩৫৮ সদস্য অংশ নেন। তিনি জানান, রাজধানীর কাছাকাছি হওয়ায় সেলায়াং বারু এলাকায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক অবৈধভাবে বসবাস করছিলেন এবং অনেকেই অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা চালাতেন। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান পরিচালিত হয়েছে।
আটকদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন; বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল নথি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দু’জন মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়েছে।
আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি সতর্ক করে বলেন, অবৈধ কর্মী নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান চলবে।



























