এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক জোট ঘোষণা
- আপডেট সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১৫৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দল নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ করেছে। এই জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের ঘোষণা দেন। তিনি জোটের মুখপাত্রের দায়িত্বও পালন করবেন।
নাহিদ ইসলাম বলেন, “২৪-এর পরে গত দেড় বছরে বহু ক্ষেত্রে আমাদের হতাশা তৈরি হয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন শক্তি সংস্কারের বিরোধিতা করেছে এবং প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে সংস্কারের পক্ষে তিন দল ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “এটা শুধু নির্বাচনী জোট নয়, এটি একটি রাজনৈতিক জোটও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে এক প্রতীকে অংশ নেব।”
তিনি সতর্ক করে বলেন, “কেউ যদি মনে করে গায়ের জোরে বা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে জিতবে, তারা সফল হবে না।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, “অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। তরুণদের স্বপ্নও অপূর্ণ রয়ে গেছে। নতুনদের নানা কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। এই বাস্তবতায় আমরা নতুন যাত্রার ঘোষণা দিতে এসেছি। জুলাইয়ের অভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশকে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে নিতে আমরা তিন দল হাত মিলিয়েছি।”
তিনি আরও বলেন, “পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো যায়নি। নতুনদের চ্যালেঞ্জের কারণেই তা সম্ভব হয়েছে।”
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “আমরা তিন দল নিয়ে যাত্রা শুরু করেছি, তবে আমরা মনে করি না যে শুধু এই তিন দলই অভ্যুত্থান বা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে।”
তার মতে, চব্বিশের অভ্যুত্থান টিকে থাকবে কি না, তা নির্ভর করছে সংস্কারের অঙ্গীকার কতটা বাস্তবায়িত হয় তার ওপর।




























