টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১০৮ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী এলাকায় চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টার সময় সিফাত (২০) নামে এক শিক্ষার্থী কাটা পড়ে নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন মরকুন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সিফাত কাপাসিয়ার বড় রামপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি মিরপুরের একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে সিফাত মিরপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে বেলা দেড়টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, তিনি ভুল ট্রেনে ওঠার পর চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, লাশ উদ্ধার করে স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।






















