ওবায়দুল কাদের ও যুবলীগ সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
- আপডেট সময় : ১২:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২১০৯ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে দায়ের করা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে একই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। পরে একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেয়া হয়।
আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেল মামলার অগ্রগতি নিয়ে শুনানি পরিচালনা করবে।
ট্রাইব্যুনালে উপস্থিত হওয়া আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সজীব ওয়াজেদ জয়সহ কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল-১। জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আনিসুল হক ও সালমান এফ রহমানের অভিযোগে কারফিউ দিয়ে হতাহতের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১৫ অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-১। এর আগে তদন্তে সময় বাড়ানোর জন্য প্রসিকিউশন দুই দফায় আবেদন করেছিল।
এদিকে সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি শেষে সবাইকে প্রবেশের অনুমতি দেন।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল ও ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন সময় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সব মিলিয়ে বিভিন্ন অভিযোগে এক সময়ের প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে পৃথক চার্জ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।


























