নোয়াখালীতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
- আপডেট সময় : ০২:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নিহত যুবক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির সামনে পূর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম মনজু বা ‘বলি’ (২৫) চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোর ৬টার দিকে বলি তার বড় বোনের অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বাড়ি থেকে ফেরার পথে মান্দার বাড়ির সামনে ১৫–২০ জন কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। সে আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীদের দ্বারা সিএনজি থেকে ফেলে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত হন। নিহতের পরিবার দাবি করেছে, পূর্ব শত্রুতার জেরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালেব জানান, তার ছেলে সকালে বাজারে যাওয়ার সময় ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেলে বলি ও তার সহযোগীরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বলিকে গণপিটুনি দেন, যার ফলে তার মৃত্যু হয়। এই ঘটনার পরে এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং বলির আড্ডাখানায় হামলা চালান।
বেগমগঞ্জ থানার ওসি এম. এ. বারী জানান, বলির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ ৫–৭টি মামলা রয়েছে। স্থানীয়দের ক্ষোভের কারণে তাকে গণপিটুনি দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






















