সিরাজগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনা
- আপডেট সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৫২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ইসলামি জলসা থেকে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় এই ঘটনা ঘটে। মাওলানা শাহীনুর আলম জানান, জলসা থেকে ফেরার সময় সোনামুখি এলাকায় পৌঁছালে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার কিছু কর্মী তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে কাজিপুর উপজেলা সেক্রেটারি ও কয়েকজন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘মাহফিলে অনেকেই উপস্থিত ছিলেন। হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জামায়াত প্রার্থীর ওপর হামলার ঘটনা দুঃখজনক।’
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান জানান, জেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে ইসলামি জলসায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।




























