ইউএনওদের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ে উঠবে: প্রধান উপদেষ্টা।
- আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২১১৬ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুধু একটি সরকার নয়, বরং একটি ‘নতুন বাংলাদেশ’ সৃষ্টি হবে। এই প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ভূমিকা হবে ‘ধাত্রীর’ মতো।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে ইউএনওদের দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাই নির্বাচন সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে; তা না হলে জুলাইয়ের শহীদ ও জাতি আমাদের ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোটের প্রভাব শত বছরের জন্য।” প্রফেসর ইউনূস ইউএনওদের দায়িত্বকে রূপকের মাধ্যমে ব্যাখ্যা করে উল্লেখ করেন, “নতুন দেশের জন্মের সময় ইউএনওরা ধাত্রীর ভূমিকা পালন করবেন।”
তিনি ইউএনওদের নির্দেশ দেন যে, শুধু নির্বাচন পরিচালনা নয়, আসন্ন গণভোটেও তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। জনগণকে এখন থেকেই ‘হ্যাঁ’ এবং ‘না’-র ফলাফল সম্পর্কে সচেতন করতে হবে এবং গণভোটে সর্বাধিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


























