সুন্দরবন থেকে অপহৃত আট জেলে উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২০৭৫ বার পড়া হয়েছে
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতচক্র ‘জাহাঙ্গীর বাহিনী’র আস্তানা থেকে অস্ত্র–গোলাবারুদসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (১০ ডিসেম্বর) ভোরে খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জেলেদের জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে—জাহাঙ্গীর বাহিনী শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। এরপর সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা আট জেলে উদ্ধার হয়। তবে অভিযানের টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত সাত দিন ধরে তাদের আটক রেখে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। উদ্ধার অভিযান শেষে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অস্ত্র–গোলাবারুদ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।






















