খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফেরবেন তারেক রহমান: নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২১০৮ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন। তিনি বলেছেন, “আমাদের নেতা যখন বাংলাদেশে পা দেবেন, সেই দিন সমগ্র দেশ কেঁপে উঠবে। ইনশাআল্লাহ, সেই দিন আমরা দেশের চেহারাকে বদলে দিতে চাই।”
তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ার সুযোগ এসেছে। “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধিত্বশীল সংসদ গঠন করতে চাই। এবারের লড়াই সবচেয়ে কঠিন, কারণ এটি শুধু আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ।”
তিনি আরও বলেন, দলের শত্রু তাকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করলেও দেশের সব বড় অর্জন বিএনপির হাত ধরেই সম্ভব হয়েছে। “মামলা, গ্রেফতার, গুম, খুনের বিরুদ্ধে লড়াই শেষ করার পর বিএনপিকে সরকার গঠন করতে হবে। বিএনপি জাতিকে এগিয়ে নিয়ে যাবে।”
মহাসচিব জনগণকে আহ্বান জানান, সব বাধা ও অপপ্রচার কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নির্বাচনে জয়লাভের সংগ্রামে এগিয়ে আসতে। তিনি বলেন, “১৯৭১ আমাদের অস্তিত্ব। যারা ৭১-এর বিরুদ্ধে কথা বলে, তারা নতুন ফ্যাসিজম চাপানোর চেষ্টা করছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”




























