হাসপাতালে মব-হাঙ্গামাকারীরা হাদির মৃত্যু চেয়েছিল: মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, হামলার ঘটনাকে গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখা উচিত।
মির্জা আব্বাস দাবি করেন, হাদির ওপর হামলা ‘পরিকল্পিত’ ছিল। তিনি বলেন, “হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা দেয়া হয়েছিল। তারা চেয়েছিল হাদি মারা যাক।”
তিনি আরও অভিযোগ করেন, “হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, বরং বিশেষ রাজনৈতিক দলের লোক, যারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।”
মির্জা আব্বাস বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “আমার নির্দেশনা পেলে, আমাদের ছেলেরা তাদের তুলাধোনা করত।” তিনি অভিযোগ করেন, “মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে।”
তিনি দেশের সাংবাদিকদেরও সতর্ক করে বলেন, “১৭ বছর আন্দোলনের পর আমরা কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। এই ক্রান্তিকালে অনুসন্ধিৎসু সাংবাদিকতার গুরুত্ব বেশি।”
বিক্ষোভ সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং তারা হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।




























