ভারত ফেরত দিলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ
- আপডেট সময় : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ শুক্রবার রাত ১২ ডিসেম্বর জোহরপুর-টেক সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ।
পুলিশ ও বিজিবি জানিয়েছে, ভারতের পুলিশ বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে রাত সাড়ে ৭টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ। তিনি বলেন, “তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে।” রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত তসিকুল বাখের আলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তসিকুল কয়েক সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। তবে বিজিবি এখনও নিশ্চিত করেনি যে, তার মৃত্যু কার গুলিতে হয়েছে।






















