অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে বন্দুক হামলায় নিহত ১০
- আপডেট সময় : ০৪:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে রোববার (১৪ ডিসেম্বর) সংঘটিত এক ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের মুখপাত্র নিশ্চিত করেছেন, একজন বন্দুকধারী নিহত হয়েছে, অপর বন্দুকধারী পুলিশের হেফাজতে রয়েছে এবং আহত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্যাম্পবেল প্যারেডের কারপার্ক থেকে সমুদ্র সৈকতের দিকে যাওয়া সেতুর উপর থেকে দুই বন্দুকধারী গুলি চালাচ্ছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ও বেদনাদায়ক’ আখ্যা দিয়েছেন।
ঘটনার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে আসা এক জার্মান তরুণী জানিয়েছেন, গুলির শব্দে তিনি বন্ধুদের হারিয়েছেন এবং হাজার হাজার লোকের সাথে দৌড়ে নিরাপদ স্থানে পৌঁছেছেন।
ঘটনার পরপরই পুলিশ নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।



























