চোরাগোপ্তা হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা ইসির
- আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৫ বার পড়া হয়েছে
চোরাগোপ্তা হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পর থেকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় উদ্বেগের বিষয়গুলো নিয়ে ইসি জরুরি বৈঠক করেছে। চোরাগোপ্তা হামলাগুলো বড় কোনো নাশকতার পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনাকে কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে এবং দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সন্ত্রাস দমনে সারাদেশে অধিক সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হবে। জামিনে মুক্ত বা পলাতক সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। নাশকতাকারী বা অনুপ্রবেশকারী কেউ যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো নাশকতাকারী যাতে উৎসাহিত না হয়, সে ব্যাপারেও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


























