ধুনটে ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্ট বোঝাই চলন্ত একটি ট্রাকের চাপায় মা রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন (৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর প্রায় ২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ী সেতুর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ী গ্রামের পলাশের স্ত্রী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রেবেকা খাতুন ও তার মেয়ে হুজাইফা দুপুরে ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে পেচিবাড়ী থেকে বাড়ির দিকে রওনা দেন। পথে পার্শ্ব রাস্তা থেকে বথুয়াবাড়ী সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যানে থাকা মা-মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ধুনটগামী দ্রুতগতির সিমেন্ট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলেই রেখে পালিয়ে যান।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






















