আকস্মিক বন্যায় মরক্কোয় ৩৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ সোমবার (১৫ ডিসেম্বর) জানায়, রোববার হঠাৎ প্রবল বৃষ্টিপাতের পর অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে।
রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরে আকস্মিক বন্যায় সড়কে কাদামাটির পানির প্রবল স্রোত দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাড়ি ও আবর্জনার বাক্স ভেসে যেতে দেখা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক ঘণ্টার টানা ভারি বৃষ্টিতে শহরের ঐতিহাসিক পুরোনো এলাকায় অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।
এক বিবৃতিতে স্থানীয় সরকার জানায়, অনুসন্ধান ও উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করা এবং দুর্গত বাসিন্দাদের সহায়তা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



























