সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৪ রাউন্ড গুলি ও যুক্তরাষ্ট্রে তৈরি চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২১১৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে আসা আমেরিকান তৈরি চারটি আগ্নেয়াস্ত্র, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে সোমবার সকালে গোপালপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে চারটি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধ এবং দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।






















