শিরোনাম ::
এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সের নতুন নিয়ম
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৮:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২০৭৬ বার পড়া হয়েছে
সরকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-৪ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
নীতিমালার উদ্দেশ্য
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’-এর মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন সময়ে পেশিশক্তি ও সহিংসতা প্রদর্শন রোধ করা এবং জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করা।
লাইসেন্সের যোগ্যতা ও শর্তাবলী
- প্রযোজ্য হবে সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নির্বাচনের সময় মনোনয়নপত্র দাখিলকৃত এমপি পদপ্রার্থীদের ক্ষেত্রে।
- প্রার্থীকে যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি থাকা, শারীরিক ও মানসিকভাবে সক্ষম এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকা প্রয়োজন।
- লাইসেন্স শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্রের জন্য অনুমোদিত। একাধিক অস্ত্র বা সক্রিয়/সামরিক অস্ত্রের লাইসেন্স অনুমোদিত হবে না।
লাইসেন্সের মেয়াদ
- লাইসেন্সের মেয়াদ নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ থেকে ১৫ দিন।
- মেয়াদ শেষ হওয়ার পর লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে শর্ত পূরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে।
- মেয়াদ শেষ হওয়ার পর লাইসেন্সধারী কোনো অস্ত্র রাখলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রিটেইনার নিয়োগের শর্তাবলী
- কেবল প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলে রিটেইনার নিয়োগ অনুমোদনযোগ্য।
- রাজনৈতিক প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রিটেইনার নিয়োগ করা যাবে না।
- রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থী লাইসেন্স প্রাপ্ত না হলেও বৈধ লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র পরিচালনায় সক্ষম ব্যক্তি রিটেইনার হতে পারবে।
- রিটেইনারের যোগ্যতা: বাংলাদেশি নাগরিক, ন্যূনতম বয়স ২৫ বছর, অপরাধমুক্ত, পুলিশ ক্লিয়ারেন্সপ্রাপ্ত, আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সরকারি হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সনদপ্রাপ্ত।
- একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগযোগ্য হবে এবং রিটেইনারের মেয়াদ নির্দিষ্ট সময়ের পর শেষ হবে।
ট্যাগস :


























