ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচারের আবেদন জানালেন ইনু
- আপডেট সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ ইনুর পক্ষে তার আইনজীবীরা এ আবেদন দাখিল করেন।
২০২০ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যা, উসকানি ও ষড়যন্ত্রসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) একই মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার-২–এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণের পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।




























