৭১ ও ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্রে কোনো পার্থক্য নেই: দুদু
- আপডেট সময় : ০১:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
৭১-এর ঘাতক এবং ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের মানসিকতা ও চরিত্র একই। তারা সবাই দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তারা প্রকৃত অর্থে দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং অতীতে পরাজিত ও বিতাড়িত শক্তি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
এ সময় তিনি যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামও বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। হাদির ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিবেশ স্থিতিশীল করতে হবে। যারা নির্বাচন চায় না, বরং নির্বাচন প্রতিহতের ডাক দেয় এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাদের উদ্দেশ্য সম্পর্কে জনগণের প্রশ্ন তোলা উচিত।




























