৩০০ গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কাঠগড়ায়
- আপডেট সময় : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তিন শতাধিক মানুষকে গুম ও হত্যা করার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আমলে নিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা অভিযোগপত্রের পর আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুরে ৩ জন হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জনকে গণকবর বা হত্যা, এবং সুন্দরবনে বনদস্যু দমন অভিযানের নামে ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে মানুষ হত্যার মতো একাধিক নৃশংস ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, এই ঘটনার ব্যাপক তদন্ত এখনও চলমান রয়েছে।
একই ট্রাইব্যুনালে, জুলাই মাসে ছাত্র-জনতার বিপ্লব চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষেও ‘স্টেট ডিফেন্স’ (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আদালতে প্রসিকিউশন দল ও সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।






















